গাজীপুর সাফারি পার্ক এলাকার ইন্দ্রপুর বাজারে জনতার হাতে এক মাদক ব্যবসায়ী আটক হওয়ার ঘটনা ঘটেছে। আটককৃত ব্যক্তির নাম সালাম (৩৫)। তিনি নুরু মিয়ার পুত্র এবং পিরুজালী মন্ডলবাড়ীর স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং) দুপুরের দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় সালামের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনগণ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সালাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আগে থেকেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল। অবশেষে জনতার সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত সালামকে উদ্ধারকৃত ইয়াবাসহ হেফাজতে নেন। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এলাকার যুবসমাজ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসায়ীরা। আজ জনতা এক হয়ে এর প্রতিবাদ করেছে। আরেক ব্যবসায়ী জানান, ইন্দ্রপুর বাজারে মাদকের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছিল। আজকের এই ঘটনায় আমরা স্বস্তি পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন