স্মার্ট কৃষি, খাল পুনঃখনন, স্বাস্থ্যসেবা ও সবুজায়নে ব্যাপক কর্মপরিকল্পনা তুলে ধরলেন জেলা প্রশাসক গাজীপুর, ১৩ মে ২০২৬: রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, সেই লক্ষ্য নিয়েই কাজ করছে গাজীপুর জেলা প্রশাসন— এমন মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া।বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও মানবিক করে তোলে। খাল খনন, কৃষি সহায়তা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ রক্ষার মতো প্রতিটি উদ্যোগ আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করছি। তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ নিশ্চিত করতে হবে এবং ইতিবাচক সমাজ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্মার্ট কৃষিতে নতুন উদ্যোগ প্রেস ব্রিফিংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম খান জানান, জেলার কৃষকদের জন্য চালু করা হয়েছে ‘কৃষক স্মার্ট কার্ড’। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ঋণ, ভর্তুকি, বীজ ও সারসহ ১০ ধরনের সরকারি সেবা পাবেন। পাশাপাশি বছরে আড়াই হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ডে’ সামাজিক নিরাপত্তা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান জানান, প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৬ মে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন বলেও জানান তিনি। খাল ও নদী পুনঃখননে দৃশ্যমান অগ্রগতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা এবং জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন জেলার চলমান খাল ও নদী পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তাদের দেওয়া তথ্যমতে, চৌক্কার খালের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে রাউতকোনা খালের ৮০ শতাংশ কাজ শেষ, এছাড়া লবণদহ নদী, গাছা খাল ও চীলাই খালের খনন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল স্বাস্থ্যসেবা ও জননিরাপত্তা সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রশিদ ই-হেলথ কার্ড ও গ্রামীণ স্বাস্থ্যসেবার ডিজিটালাইজেশন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সবুজ গাজীপুর গড়ার প্রত্যয় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির জানান, পরিবেশ রক্ষায় জেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রায় ২ লাখ হেক্টর জমিতে আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রেস ব্রিফিংয়ে সরকারের জনমুখী উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।