গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে বহিরাগত একজন অধ্যাপককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সমিতির নেতারা এ নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নেতৃত্ব বিকাশের ঐতিহ্যের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। বুধবার (১১ জুন) অনুষ্ঠিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহেদুর রহমানকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। তাদের দাবি, এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানকে উপেক্ষা করা হয়েছে। সভায় বক্তারা বলেন, বহিরাগত কাউকে এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে যোগ্য ও অভিজ্ঞ কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। এখানে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ একাধিক জ্যেষ্ঠ শিক্ষক রয়েছেন, যারা এ দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম। সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এর উন্নয়ন ও অগ্রগতিতে নিজস্ব শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। শিক্ষক নেতারা আরও বলেন, বিষয়টি শুধু একটি প্রশাসনিক নিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য, মর্যাদা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা দুঃখ প্রকাশ করে বলেন, বহিরাগত প্রার্থী নিয়োগের বিষয়ে শিক্ষক সমাজের পূর্ববর্তী উদ্বেগ ও মতামত যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। শিক্ষক সমিতি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা, একাডেমিক অগ্রগতি এবং প্রাতিষ্ঠানিক স্বার্থে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকবৃন্দের মধ্য থেকে একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।