মাটি বোঝাই ড্রামট্রাকে পিষ্ট হয়ে গাজীপুরে রোববার ভোরে এক যুবক নিহত হয়েছে। ঘটনাট ঘটে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায়।নিহতের নাম মাসুম মিয়া, ৩২। সে স্থানীয় লস্কর চালা এলাকার নূরুল ইসলামের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকার লোকজন ড্রামট্রাকের চালক মাহবুব মিয়াকে আটক করেছে। স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ বিষয়টি ৫ লাখ টাকার বিনিময়ে আপোষ করে দেয়ার চেষ্টা চালাচ্ছেন বলে এলাকাবাসী জানায়। এ নিয়ে ওই এলাকায় সকালেই বৈঠক বসে। কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। ঘটনাটি নিয়ে যেন পত্রিকায় কোন খবর প্রকাশ না হয় এই মর্মে বৈঠকে উপস্থিত সালিশী মাতব্বরগণ হুঁশিয়ারি দেন। মাটি কাটার বিষয়ে প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও অবৈধ পন্থায় সরকারি জমি থেকে অসাধু ব্যবসায়ীরা মাটি কেটে নিচ্ছে দীর্ঘদিন ধরে।