গাজীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু-কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় কমিউনিটি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) গাজীপুর সদর উপজেলার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা, শিক্ষা, নৈতিক মূল্যবোধ, ইন্টারনেট নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক থেকে দূরে থাকা, এবং নারী ও শিশুদের অধিকার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণে শিশু ও নারীর বৈষম্যহীন অগ্রগতির গুরুত্ব তুলে ধরা হয়। জেলা তথ্য অফিসের কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ কেন্দ্রিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক আচরণগত পরিবর্তন আনার লক্ষ্যে এসব কমিউনিটি সভা নিয়মিত আয়োজন করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এমন জনমুখী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। গাজীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কমিউনিটি সভা ও উঠান বৈঠক স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং উন্নয়ন-চিন্তায় নতুন উদ্দীপনা যোগায়।