গাজীপুর–৩ আসনে পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আছে রাজনীতির মাঠ। দীর্ঘদিনের প্রত্যাশা আর বঞ্চনার অবসান ঘটাতে এবার ভোটারদের চোখে-মুখে স্পষ্ট আশার আলো, কণ্ঠে শোনা যাচ্ছে আস্থার ভাষা। সেই আশার প্রতিচ্ছবি হয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন গাজীপুর–৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিনই তিনি ছুটে চলেছেন এলাকার পাড়া-মহল্লা, গ্রাম ও জনপদে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে শুনছেন তাঁদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা। শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরছেন ভোটারদের সামনে। স্থানীয় বাসিন্দারা বলছেন, “তিনি আমাদের কথা শোনেন, কাছে আসেন। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা বলেন।” তরুণ সমাজের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে; তারা দেখছে একজন শিক্ষানুরাগী, মানবিক ও সৎ নেতৃত্বের সম্ভাবনা। আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, গাজীপুর–৩ আসনের মানুষ পরিবর্তন চায়। আমি তাদের সেই পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই। ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্যই আমার এই পথচলা। এলাকাবাসীর এমন সাড়া ও অংশগ্রহণে গাজীপুর–৩ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে—এই আসনে পরিবর্তনের বার্তা ছড়িয়ে পড়েছে মানুষের হৃদয়ে হৃদয়ে