২০ অক্টোবর, চট্টগ্রাম: করেরহাট রেঞ্জের কয়লা বন বিট কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত ৮২৩ ঘনফুট চিড়াইকাঠসহ দুইটি ট্রাক আটক করা হয়েছে। সকালে আনুমানিক ৬:০০ ঘটিকায় কয়লার মুখ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ট্রাক দু’টির মালিক বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় বনজ দ্রব্য জব্দ করা হয়। পরিমাপের ফলে জানা যায়, জব্দকৃত মালামাল ৩০২৪ টুকরায় বিভক্ত, যার মধ্যে রয়েছে গামার ও আকাশমনি চিড়াইকাঠ। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন জনাব মো: আসলাম হোসেন, কয়লা বন বিট কর্মকর্তা, এবং করেরহাট রেঞ্জের তত্বাবধানে ছিলেন জনাব মো: তারিকুর রহমান, রেঞ্জ কর্মকর্তা। অভিযানে অংশ নেন সংশ্লিষ্ট টহলদল। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো: সফিকুল ইসলাম অভিযানে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং সকল বন বিটে টহল জোরদার করার নির্দেশনা প্রদান করেন।