(গাজীপুর, ১২ নভেম্বর ২০২৫-২০২৬) অর্থবছরের প্রচার কার্যক্রমের আওতায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলা” শীর্ষক এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস, গাজীপুর। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ অপরিহার্য। সরকারের উন্নয়ন কার্যক্রমে নারীদের সম্পৃক্ততা নিশ্চিত করার মধ্য দিয়েই গড়ে উঠবে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ। তারা আরও বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও নেতৃত্ব বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করেছে, যা টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলছে। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী উপস্থিত ছিলেন। তথ্য অফিসের কর্মকর্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নারী অধিকার ও সামাজিক সচেতনতা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনাসভা শেষে নারীদের উদ্দেশে একটি উদ্বুদ্ধমূলক ভিডিও প্রদর্শন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়। এই নারী সমাবেশের মাধ্যমে স্থানীয় নারীরা উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।