নেইমার–ভিনিসিয়ুস–রদ্রিগোসহ ছিলেন না দলের একাধিক সেরা তারকা। সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির ব্রাজিল চিলির বিপক্ষে ঘরের মাঠে ৩–০ গোলের দাপুটে এক জয়ই পেয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস।
মারাকানায় আজ সকালের ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। ৬৫ শতাংশ বলের দখল রাখা ব্রাজিল ২২টি শট নিয়ে ৮টিই রেখেছে লক্ষ্যে। অন্য দিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা চিলি ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচটা কতটা একপাক্ষিক ছিল।
নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডটা আগেই দখলে ছিল ব্রাজিলের। যেখানে তাদের প্রতিপক্ষ চিলি। গত বছরের অক্টোবরে তাদের সঙ্গে সর্বশেষ দেখায় সেলেসাওরা ২-১ গোলে জিতেছিল। সবমিলিয়ে চিলির বিপক্ষে ৭৪ ম্যাচে ৫২ জয় ছিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেই সংখ্যাকে তারা মারাকানায় আরেকটু বাড়িয়ে নিলো।
এ জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে সেলেসাওরা।
আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।