শরীয়তপুরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শরীয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর এলাকায় অবস্থিত মেসার্স এম কে এম ব্রিক্স নামক ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তুষার সাহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, ইটভাটাটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইটভাটাটিকে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়। এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল নোমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ শরীয়তপুর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা ও পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে