গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট বিটের আওতাধীন গালদাপাড়া গ্রামের সংরক্ষিত গজারী বন থেকে অবৈধভাবে গাছ কাটার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের সচেতনতা ও তৎপরতায় কাটা গাছগুলো দ্রুত জব্দ করতে সক্ষম হয়েছে বন বিভাগ। জানা যায়, গতকাল রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কয়েকজন বাসিন্দা বনাঞ্চলের ভেতরে গজারী গাছ কাটার বিষয়টি টের পান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো আটক করেন এবং সঙ্গে সঙ্গে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে বলদীঘাট বিট অফিসার ও রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কাটা গাছগুলো জব্দ করে বিট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, গজারী বনাঞ্চল পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের অবৈধ গাছ কাটার ঘটনা রোধে নিয়মিত টহল ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বন বিভাগের কর্মকর্তারা জানান, বনজ সম্পদ রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে