সুজানগর বিএনপিতে আন্দোলনের ঢেউ: শেখ আবদুর রউফের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে। একজোট নেতাকর্মীরা সুজানগর উপজেলা বিএনপিতে সৃষ্টি হয়েছে নতুন আলোড়ন। দলীয় শৃঙ্খলার অভিযোগে সাবেক সদস্য সচিব শেখ আবদুর রউফকে বহিষ্কার করার সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মী ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ঐক্যবদ্ধভাবে এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি তুলেছেন। নেতাকর্মীরা জানান, শেখ আবদুর রউফ দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। দলের দুঃসময়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এমন একজন নিবেদিতপ্রাণ নেতাকে বহিষ্কার করা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে তারা মন্তব্য করেছেন। তারা আরও জানান, দলীয় ঐক্য বজায় রাখা এবং ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে তারা ইতোমধ্যেই কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের কাছে চিঠি ও স্মারকলিপি পাঠানো শুরু করেছেন। তাদের একটাই দাবি শেখ আবদুর রউফকে দ্রুত পুনর্বহাল করতে হবে। সাংগঠনিক সূত্রে জানা গেছে, শেখ আবদুর রউফের বহিষ্কার আদেশের পর থেকেই নেতাকর্মীরা ধাপে ধাপে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তারা একে শুধু ব্যক্তিগত নয়, বরং ন্যায় ও আদর্শের প্রশ্ন হিসেবে দেখছেন।একাধিক স্থানীয় নেতা বলেন, “শেখ আবদুর রউফ একজন ন্যায়পরায়ণ ও নিবেদিতপ্রাণ সংগঠক। তাকে বহিষ্কার করা মানে পার্টির মেরুদণ্ড দুর্বল করা। আমরা চাই, তাঁকে অবিলম্বে দলে ফিরিয়ে নেওয়া হোক। এ ঘটনায় সুজানগর উপজেলা বিএনপির ভেতরে নতুন এক সংহতি ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই আন্দোলন শেষ পর্যন্ত পার্টির সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রভাব ফেলতে পারে।