গাজীপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন আইনানুগ ও গ্রহণযোগ্য হিসেবে অনুমোদন দেওয়া হয়। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে গাজীপুর-৩ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা একে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন খ্যাতিমান চিকিৎসক ও শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি মানবসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তার স্বচ্ছ ভাবমূর্তি ও গ্রহণযোগ্য নেতৃত্ব গাজীপুর-৩ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করছেন দলীয় নেতারা। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমি গাজীপুরবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে আশাবাদী। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এদিকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, আগামী দিনে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে জনগণের দ্বারে দ্বারে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে।গাজীপুর-৩ আসনে মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে বিএনপির কার্যক্রম নতুন গতি পেল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।