১২ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর ১ আসনে প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থী ও তাদের কর্মীরা এখন প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। জেলার কালিয়াকৈর উপজেলা ও মহানগরের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর ১ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ৯৪০ জন। যেখানে নারী ভোটার ৩ লাখ ৬০ হাজার ২৩৪ জন ও পুরুষ ভোটার ৩ লাখ ৬০ হাজার ৬৯০ জন। বাকি কয়জন হিজড়া লিঙ্গের ভোটার। কালিয়াকৈর উপজেলা এলাকা মূলত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে তিনজনকে মাঠে প্রচারণায় দেখা যায়। বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান এলাকার কালিয়াকৈর পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান ছিলেন। তিনি বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। বিএনপির কেন্দ্র কমিটির বাকি আরো দুইজন নেতা সাইদুল আলম বাবুল ও হুমায়ুন কবির খান রয়েছেন এই উপজেলাতেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে মুজিবুর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। মনোনয়ন নিয়ে দ্বিধা থাকলেও পরবর্তী সময়ে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রচারণায় অংশ নিয়েছেন। একসময়ের আওয়ামী সমর্থিত কর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে। মাঠে দেখা যাচ্ছে জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলামকে। যার প্রতীক লাঙ্গল।তার জয় লাভের আশাও ক্ষীন। এগারো দলীয় জোট প্রার্থী হাতপাখা প্রতীকের রুহুল আমিনকে নির্বাচনী মাঠে কম দেখা যায়।ভোটের এবং ভোটারের সমীকরণে এ আসনে বিএনপি সমর্থিত ভোটারদের সংখ্যা অনেক। বলা চলে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের বিজয় লাভের সম্ভাবনা উজ্জ্বল। প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীর মধ্যে রয়েছেন গণফ্রন্টের আতিকুল ইসলাম ,বাংলাদেশ লেবার পার্টির চৌধুরী ইরাদ সিদ্দিকী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের তসলিমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী ইমারত হোসেন খান। বিজয়ের তুমুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান হাটে বাজারে শহরের অলিতে গলিতে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। এলাকায় জনপ্রিয়তা থাকার কারণে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান বারবার কালিয়াকৈর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ভোটারদের মধ্যে তার রয়েছে জনপ্রিয়তা। দলীয় কোন্দল মিটিয়ে উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ধানের শীর্ষের পক্ষে কাজ করে যাচ্ছেন বলে জানান স্থানীয় বিএনপি কর্মী আশরাফ সিদ্দিকী। আওয়ামী লীগ নির্বাচনে নেই বিধায় মূল প্রতিদ্বন্দ্বি তার নেই। রোববার কালিয়াকুর উপজেলার বিভিন্ন স্থানের ভোটারদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান গণ সংযোগ করেন। এ সময় তিনি বলেন , নির্বাচিত হলে শিল্প অধ্যুষিত কালিয়াকুর এলাকার দুইশত বন্ধ মিল কারখানা মালিকদের সাথে আলোচনা করে চালু করে দেওয়া হবে, বেকার যুবকের চাকরির ব্যবস্থা করব, মাদকের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবো।