মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি। ছুটিকে কেন্দ্র করে গাজীপুরের মহাসড়কগুলোতে যাত্রীদের কাছ থেকে লাগামহীনভাবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ছুটিতে বাড়ি ফেরার তাড়ায় থাকা হাজারো মানুষকে জিম্মি করে দুরপাল্লার বাস ও অন্যান্য যানবাহনের চালকরা কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা ও মাওনা এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। যাত্রীরা জানান, যেখানে মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ যেতে স্বাভাবিক ভাড়া ছিল ৮০ টাকা, সেখানে আদায় করা হচ্ছে ৩০০ টাকা পর্যন্ত। একইভাবে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে নেত্রকোনা ও ময়মনসিংহগামী যাত্রীদের কাছ থেকে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ভাড়া দাবি করা হচ্ছে।এছাড়াও গাজীপুর চৌরাস্তা থেকে হোতা পাড়া যাওয়ার জন্য যেখানে ভাড়া ছিল মাত্র ৩০ টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকদের প্রায়ই বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে। একপর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। কোথাও কোথাও যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর করার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি না থাকায় ভোট দেওয়ার আনন্দ ম্লান হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এমনটাই বলছেন যাত্রীরা