গাজীপুরে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক সক্ষমতা বৃদ্ধিমূলক (ক্যাপাসিটি বিল্ডিং) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ফর সেফ মাইগ্রেশন, গাজীপুর -এর উদ্যোগে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সদর উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন দুলাল। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মাহবুবুল আলম মোল্লা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর সেফ মাইগ্রেশন, গাজীপুরের সেন্টার ম্যানেজার তন্ময় ধর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর সেফ মাইগ্রেশন, গাজীপুরের কমিউনিটি মবিলাইজার গোলাম রাব্বি। প্রধান অতিথির বক্তব্যে মো: মোশাররফ হোসেন দুলাল বলেন, "মানব পাচার ও অভিবাসী চোরাচালান বর্তমান সময়ের একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে কেবল আইন-শৃঙ্খলা বাহিনী নয়, বরং ইউনিয়নের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে এই অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। কর্মশালায় বক্তারা মানব পাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি, আইনি দিক এবং নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমে দালাল চক্রের হাত থেকে অসহায় মানুষদের রক্ষা করা সম্ভব। বক্তারা এ ধরনের গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এই আয়োজনের জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে ইউনিয়ন কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে মানব পাচার রোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।