বুধবার (০৬ মে) গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পরিচালিত মোবাইল কোর্টে ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি এসব ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মোট ১৬,০০,০০০ (ষোলো লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। এসময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী ও রিহাব ইনাম।পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়া সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গোপালগঞ্জ জেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।