গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের হাজী আব্দুল বারেক এমদাদুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ফ্রি চক্ষুশিবির। এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ এ চক্ষুশিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করছেন। চক্ষুশিবিরে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের খোঁজখবর নেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং চক্ষুশিবিরের চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে তার এ সময়ের আন্তরিক মতবিনিময় উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে। জয়নাল আবেদীন রিজভী বলেন, মানুষের সেবা করার চেয়ে বড় কোনো কাজ নেই।বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ যখন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হন, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারাও বড় ধরনের মানবিক কাজ। তিনি বলেন, ভাওয়ালগড় ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাদের সুখ-দুঃখের কথা শুনতে এবং প্রয়োজনের সময় পাশে থাকতে আমি সবসময় চেষ্টা করি। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রাজনীতি শুধু নির্বাচন বা পদ-পদবির জন্য নয়; রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠা। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের কথা শোনা একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব। চক্ষুশিবিরে আসা রোগীদের অনেকেই জানান, অর্থের অভাবে নিয়মিত চোখের চিকিৎসা করানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে।বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসার সুযোগ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। স্থানীয়রা বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য এ ধরনের ফ্রি চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে দরিদ্র মানুষের চিকিৎসার সুযোগ আরও বাড়বে। চক্ষুশিবিরে চিকিৎসক, আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন