গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় দুটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি ঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রথমে একটি কলোনিতে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের কলোনিতেও ছড়িয়ে পড়ে। এতে কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আগুনে দুটি কলোনির ২৩টি ঘর ও পাঁচটি দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন