গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদুল কবীর মুনায়েমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এডহক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মাসুদুল কবীর মুনায়েমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নাজিম বেপারী, আহ্বায়ক সদস্য ডি এম আজহারুল ইসলাম, আহ্বায়ক সদস্য মো. মান্নান বেপারী, সদর উপজেলা যুবদলের সভাপতি নাজিম সরকার সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং প্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত এডহক কমিটির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তারা শিক্ষার্থীদের কল্যাণ ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে এডহক কমিটির সভাপতি মাসুদুল কবীর মুনায়েম বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন