দেশে অস্থিতিশীলতা ও সহিংসতার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জেছনগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর কুমিল্লা হোটেলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে জয়নাল আবেদীন রিজভী বলেন, “বিগত সরকারের আমলে শান্তিতে একদিনও ঘরে থাকতে পারিনি। কখনো ধানক্ষেতে, কখনো পাটখেতে, আবার কখনো বন-জঙ্গলে অবস্থান করতে হয়েছে। তখনও আওয়ামী লীগের ভয়কে উপেক্ষা করে রাজনৈতিকভাবে মাঠে ছিলাম। তিনি আরও বলেন, এখন আমরা বাড়িতে থাকতে পারছি। তাই যারা দেশে আগুন-সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বলতে চাই—এ ধরনের কর্মকাণ্ড করে কেউ শান্তিতে থাকতে পারবে না।আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। রিজভী বলেন, “ভাওয়ালগড়ের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা, শান্তি ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক কর্মসূচিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল আমিন মাস্টার, আহ্বায়ক কমিটির সদস্য আজহার ইসলাম মণ্ডল, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লাসহ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তব্য শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন