পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং দেশীয় বৃক্ষের বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুদ্রপুরে ১২০টি তালবীজ রোপণ করেছে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে সংগঠনটির উদ্যোগে রুদ্রপুর এলাকার বিভিন্ন স্থানে এসব তালবীজ রোপণ করা হয়। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় পরিবেশপ্রেমীরা অংশ নেন। আয়োজকরা বলেন, অপরিকল্পিতভাবে গাছ কাটা, বনভূমি দখল, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য ক্রমেই হুমকির মুখে পড়ছে। তাই পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। তারা বলেন, তালগাছ গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত একটি দেশীয় বৃক্ষ। প্রকৃতিতে তালগাছের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এর পাশাপাশি তালগাছের ফল ও রস গ্রামীণ জীবন ও অর্থনীতির সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। ফলে দেশীয় প্রজাতির এ গাছের সংখ্যা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নেতারা বলেন, আজকের একটি ছোট বীজই আগামী দিনের বড় গাছ। সেই গাছ একসময় মানুষ ও প্রকৃতির উপকারে আসবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। আয়োজকরা আরও জানান, তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ নয়। রোপণ করা বীজ ও পরবর্তী সময়ে বেড়ে ওঠা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে নজর রাখা হবে। একই সঙ্গে ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেশীয় প্রজাতির আরও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো একক ব্যক্তি বা সংগঠনের নয়।নিজেদের বসতবাড়ি, রাস্তার পাশে ও খালি জায়গায় দেশীয় গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা করলে সম্মিলিতভাবেই একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের এমন উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও পরিবেশ সচেতনতা আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা