মানুষ–হাতি দ্বন্দ্ব প্রশমন ও বন্যহাতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অদ্য ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে ফুলছড়ি রেঞ্জ অফিসে এক গুরুত্বপূর্ণ জনসচেতনতা সভা ও বন্যপ্রাণীদ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব উজ্জ্বল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ভিলেজার, শিক্ষার্থী, বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত চেকগ্রহণকারী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রাশিক আহসান, সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ অফিসার, ফুলছড়ি রেঞ্জ, কক্সবাজার উত্তর বন বিভাগ। সভায় বক্তারা মানুষ–হাতি দ্বন্দ্ব কমাতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বন্যহাতির আবাসস্থল রক্ষা, হাতির চলাচলের পথ অক্ষুণ্ণ রাখা ও স্থানীয় জনগণের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষ ও বন্যহাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত হবে এবং জানমালের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।