বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা
ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করেছে গাজীপুর জেলা পুলিশ। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে গাজীপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, গাজীপুর লিপি রানী সিনহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় উল্লেখ করে গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।