গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বিমান বাহিনীর এরিয়ার ভেতরে বসবাসরত শত শত বানর খাবারের অভাবে এখন লোকালয়ে নেমে আসছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বানরগুলোর দল আশপাশের ঘরবাড়ি, বাজার ও রাস্তার পাশে ঘুরে খাবার খুঁজে বেড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে এসব বানর বিমান বাহিনীর অভ্যন্তরে পর্যাপ্ত গাছপালা ও ফলমূল পেত, কিন্তু বর্তমানে এলাকার বনাঞ্চল ও খাদ্যের অভাবে তারা বাধ্য হয়ে মানুষের বসত এলাকায় চলে আসছে। অনেক সময় খাবারের সন্ধানে তারা দোকানপাট ও বাড়ির বারান্দায় ঢুকে পড়ছে, ফলে মানুষ আতঙ্কে থাকলেও তাদের প্রতি করুণাও প্রকাশ করছেন অনেকে। সাধারণ মানুষ বলছেন, এই নিরীহ প্রাণীগুলো তো কোনো অপরাধ করেনি। ওরা শুধু বাঁচতে চায়, একটু খাবার চায়। বনবিভাগ বা বন্যপ্রাণী মন্ত্রণালয় যদি নিয়মিত খাবার সরবরাহ করত, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না।স্থানীয় পরিবেশবাদীরা বিষয়টি দ্রুত গুরুত্বসহকারে দেখার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, বন্যপ্রাণীর জন্য নির্ধারিত এলাকায় খাবার ও আশ্রয়ের ব্যবস্থা না করলে ভবিষ্যতে মানুষ-বন্যপ্রাণীর সংঘাত আরও বাড়তে পারে।বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই নিরীহ বানরগুলোকে তাদের প্রাকৃতিক পরিবেশে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।