পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” উদযাপন উপলক্ষে অদ্য (০৪ নভেম্বর ২০২৫ খ্রি.) মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলার বিভিন্ন স্কুলের প্রায় ৪০ থেকে ৫০ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাটি, পানি, বায়ু, শব্দ ও প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণ কীভাবে আমাদের জীববৈচিত্র্য ও মানবজীবনে প্রভাব ফেলছে সে বিষয়গুলো শিশু-কিশোররা তাদের রং-তুলিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শেখ কামাল মেহেদী। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশের পরিদর্শক জনাব বিশ্বদেব ঘোষ, আর্ট শিক্ষক জনাব মীর রওশান আলী মনা এবং জনাব আরিফুল ইসলাম মীর।শিশু-কিশোরদের সৃজনশীল চিন্তা ও শিল্পচর্চার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করাই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পরিবেশবান্ধব সমাজ গঠনে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।