বন্ধুত্বের অপার টানে ১৯৮৬’র এসএসসি উত্তীর্ণ বন্ধুরা কাল শুক্রবার মিলবে এক মিলন মেলায়। সকাল সন্ধ্যা রাজধানীর উত্তরায় ফ্যান্টাসি আইল্যান্ডে বন্ধুদের এই মিলন মেলা জমে উঠবে এক আনন্দ কোলাহলে। মুখরিত হয়ে উঠবে ফ্যান্টাসি আইল্যান্ড প্রান্তর। স্মৃতি অম্লানে বন্ধুর কল্যাণে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ইউনাইটেড এসএসসি ১৯৮৬ ব্যানারে অনুষ্ঠিত হবে ওই আয়োজন। শৈশব কৈশোরের স্মৃতি মাখা ছাত্র জীবনের স্মৃতি কাতরতায় বন্ধুদের মধ্যে বিরাজ করবে বন্ধুত্বের উষ্ণতা। একঝাঁক ৮৬ বন্ধু অনুষ্ঠানকে সফল করতে দায়িত্ব নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, জানালেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকা ডঃ অধ্যাপক জিএম শফিকুর রহমান ও মাহফুজুর রহমান রুবেল। অনুষ্ঠানে অংশ নিতে সারা দেশ থেকে বাসে, ট্রেনে, নিজের যানবাহনে করে আসবে উত্তরার অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠান আয়োজনের অপর ৮৬ বন্ধু লিমা ,পারভেজ রিওন, বিউটি প্রধান, আরিফ শামস, লুৎফা জানালেন, দিনব্যাপী অনুষ্ঠেয় ওই মিলনমেলায় বন্ধুরা মেতে উঠবে সীমাহীন আনন্দে। সুরের ঝংকারে নৃত্যের তালে তালে উল্লসিত হবে । স্মৃতির ঝুলি ঢেলে দিবে বন্ধুদের মধ্যে। সুস্বাদু খাবার পরিবেশন ও আকর্ষণীয় র্যাফেল ড্র তো থাকছেই। বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে প্রতিবছর এমন আয়োজন করবে বারবার, জানালেন এসএসসি ৮৬ বন্ধুরা। বিভাজিত না হয়ে এসএসসি উত্তীর্ণ সকল বন্ধুকে এক কাতারে শামিল হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান, ইউনাইটেড এসএসসি ৮৬ আয়োজকগণ। এ মিলন মেলার মাধ্যমে তারা উদযাপন করবে এসএসসি পরীক্ষার ৪০ বছর পূর্তি। সকাল দশটায় শুরু হয়ে এই মিলন মেলা চলবে রাত সাড়ে আটটা অবধি।