গাজীপুরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর নবীনবরণ অনুষ্ঠান। প্রতিষ্ঠানে চলতি বছরে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণীতে ভর্তিকৃত চার শতাধিক শিক্ষার্থীকে অনুষ্ঠানে বরণ করে নেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান। প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ন্ত্রক মো আবদুর রহিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা রাম প্রসাদ বর্মন, সহকারি প্রধান শিক্ষক জি বারেক তারেক, সমন্বয়ক আশরাফুল আলম , মামন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষে প্রতিষ্ঠানে বিরাজ করে আনন্দঘন পরিবেশ, সাজ সাজ রব। শুরুতে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করার পর অনুষ্ঠিত হয় আলোচনা ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীণ শিক্ষার্থীরা এতে পারফরমেন্স করে পুরস্কৃত হয়। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, জাতি গঠনে শিক্ষার্থীদেরকে একজন সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এতে পড়াশোনার কোন বিকল্প নেই। সহ কার্যক্রমকেও গুরুত্ব দিতে হবে। দিকনির্দেশনা দিয়ে তিনি বক্তব্যে আরো বলেন, নবীন বরণের এই দিনটি গুরুত্বপূর্ণ একটি সূচনালগ্ন। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও শৃংখলা মেনে যথাযথ ভূমিকা রাখতে হবে। প্রতি শিক্ষার্থী যেন হয়ে ওঠে উজ্জ্বল ও গর্বের মুখ। শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, ও অভিভাবকদের উপস্থিতিতে নবীনবরণ অনুষ্ঠান হয়ে ওঠে উৎসবমুখর।