কক্সবাজারে বন বিভাগের অভিযানে অবৈধভাবে দখল করা প্রায় সাড়ে ৩ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দিনব্যাপী অভিযান পরিচালনা করে বন বিভাগ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। বন বিভাগ সূত্রে জানা যায়, প্রথমে ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং বিট এলাকায় একটি নির্মাণাধীন পাকা বিল্ডিং ভেঙে প্রায় ১ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। পরে রাজারকুল রেঞ্জের রাজারকুল বিটের চকিদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন একটি পাকা ঘর ভেঙে প্রায় ৫০ শতক জায়গা দখলমুক্ত করা হয়।এছাড়া একই রেঞ্জের রাজারকুল বিটের পাঞ্জেগানা বাজার সংলগ্ন চকিদারপাড়া এলাকায় টিনশেডের ৫টি ঘর এবং ঘেরাবেড়া ভেঙে প্রায় ২ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িত দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে