চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে অবৈধ বালুবাহী একটি ডাম্পার ট্রাক আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে অবৈধভাবে পরিবহন ও পাচারের সময় প্রায় ৮০ ঘনফুট বালি বোঝাই একটি নম্বরবিহীন ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত বালুবাহী ট্রাকটি স্থানীয় ব্যবস্থাপনায় হেয়াকো বিট কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। এদিকে, সহকারী বন সংরক্ষক ও করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট টহল দল অংশগ্রহণ করেন। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অভিযানে সংশ্লিষ্ট টিমের সফলতায় সন্তোষ প্রকাশ করে তাদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বন অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার ও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। বন বিভাগের এমন নিয়মিত অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পাচার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।