বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম গাজীপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রমের সার্বিক অবস্থা দেখতে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর এম এ মুবিন খান, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে মেজর জেনারেল (অব.) মাহবুব, কর্নেল (অব.) সাজ্জাদ জিলানী, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ডা. মাজহারুল আলম প্রতিষ্ঠানের আধুনিক লাইব্রেরি, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মেসি, কমিউনিটি মেডিসিন, ফিল্ড মিউজিয়াম ও স্কিল মেডিকেলসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষা ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।বিশেষ করে হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শনকালে তিনি দেশের বর্তমান ডেঙ্গু ও হামের পরিস্থিতি এবং রোগীদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন। দেশি-বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে ডা. মাজহারুল আলম বলেন, চিকিৎসা পেশা শুধু একটি চাকরি নয় এটি মানুষের সেবা ও দেশসেবার অন্যতম বড় সুযোগ। একজন চিকিৎসকের জ্ঞান, দক্ষতা ও মানবিকতা—এই তিনটি গুণই রোগীর আস্থা অর্জনের মূল শক্তি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, তোমরা ভবিষ্যতের চিকিৎসক। নিজেদের দক্ষতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেও ভবিষ্যৎ চিকিৎসকদের কাজ করতে হবে। ডা. মাজহারুল আলম বলেন, দেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবায় যারা কাজ করছেন, তারা যদি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম দেখার সুযোগ পান, তাহলে এখানকার শিক্ষা, ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা থেকে অনেক কিছু শেখার সুযোগ তৈরি হবে। পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং কর্তৃপক্ষের সেবামূলক মানসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, চিকিৎসা শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও মানবিক সেবার সমন্বয় থাকলে দক্ষ ও দায়িত্বশীল চিকিৎসক তৈরি করা সম্ভব