গাজীপুরের শ্রীপুরে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে মাছচাষী বাহরাম বাদশাহর প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনাটি উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায়। প্রায় এক একর আয়তনের পুকুরটি ভাড়া নিয়ে পাঙাশ, রুই ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন বাহরাম বাদশাহ। মাছচাষীর দাবি, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুকুরে মাছের খাবার দেওয়ার পর বৃহস্পতিবার সকালে একের পর এক মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে। প্রথমে গ্যাস বা অক্সিজেনের সংকট মনে করে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যায়নি। পরে প্রায় পুরো পুকুরের মাছ মারা যায়। বাহরাম বাদশাহ অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কেউ পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে তার প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। পুকুরে থাকা পাঙাশ মাছগুলোর ওজনও প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম হয়েছিল। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে