নাগরিকদের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিমের সর্বশেষ কল লোকেশন, রেডিও লোকেশন, আইএমইআই, কল ডিটেইল রেকর্ড (সিডিআর), সিমের মালিকানার তথ্য, বিকাশ-নগদ হিসাবসংক্রান্ত তথ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগ রয়েছে। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিক্রি করতেন। অর্থের বিনিময়ে এসব তথ্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর আব্দুস সালাম সরকার, গাজীপুরের সুব্রত চন্দ্র পাল, নোয়াখালীর ইসমাইল হোসেন সোহাগ, গোপালগঞ্জের এসএম নাফি এবং কেরানীগঞ্জের মো. মেহেদী হাসান। র্যাবের ভাষ্য অনুযায়ী, এই চক্রের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য অননুমোদিতভাবে অন্যের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। বিশেষ করে মোবাইলের অবস্থান, এনআইডি ও আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য ফাঁস হলে তা প্রতারণা, হয়রানি, আর্থিক ক্ষতি কিংবা অন্যান্য অপরাধে ব্যবহারের আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে—নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য কীভাবে অননুমোদিত ব্যক্তিদের হাতে পৌঁছাচ্ছে এবং এসব তথ্যের অপব্যবহার ঠেকাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে