বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে তারেক রহমানের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন পরিকল্পনা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। পরে মনিপুর বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে এসব পরিকল্পনাসংবলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মনিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, তারেক রহমানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। দেশের মানুষকে জানাতে হবে—গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎ দেশের অর্থনীতি, শিল্প, কৃষি ও কর্মসংস্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।রিজভী বলেন, কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা নিতে হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারেক রহমানের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমরা অব্যাহত রাখব। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল বারী মাস্টার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার ইসলাম মণ্ডল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জুলহাস বেগ, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল মুসুল্লি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম সিকদার, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক আয়নাল হক মুসুল্লিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে নেতাকর্মীরা মনিপুর বাজারের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে তারেক রহমানের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন