বর্তমান সময়ের জাতীয় সংকট—গ্যাস, তেল, বিদ্যুৎ এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গাজীপুরের ক্যান্টনমেন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং এসব খাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করেন। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি দেশের অর্থনীতি ও জনজীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। একই সঙ্গে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে নেতাকর্মীরা আরও বলেন, জাতীয় সংকট মোকাবিলায় শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাও প্রয়োজন। জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন, কৃষির উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করাই এ প্রচারণার অন্যতম উদ্দেশ্য। ক্যান্টনমেন্ট এলাকায় লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের কথা বলতে দেখা যায়। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়