October 29, 2026, 7:08 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

মানবিকতা-নৈতিকতাই চিকিৎসকের আসল শক্তি: ডা. মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

রোগীর জীবন রক্ষা, স্বাস্থ্য ও মঙ্গলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মানবিকতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে চিকিৎসকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. মাজহারুল আলম। তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে রোগীর আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি রোগীর প্রতি মানবিক আচরণ, মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা চিকিৎসকের পেশাগত দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের চিকিৎসকদের এসব মূল্যবোধ ধারণ করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। শনিবার (৩ অক্টোবর) সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১-এ ২০২৬ সালের ইন্টার্ন চিকিৎসকদের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডা. মাজহারুল আলম বলেন, ইন্টার্নশিপ একজন চিকিৎসকের পেশাগত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় শুধু বইয়ের জ্ঞানকে বাস্তব চিকিৎসায় প্রয়োগ করাই নয়, রোগীর সঙ্গে কীভাবে মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে হয়, সেটিও শেখার সুযোগ তৈরি হয়। তাই একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি মানবিক ও নীতিনিষ্ঠ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, রোগীর বয়স, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক অবস্থান কিংবা অন্য কোনো পরিচয় যেন চিকিৎসাসেবায় বৈষম্যের কারণ না হয়। প্রত্যেক রোগীকে সমান মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার মানসিকতা চিকিৎসকদের মধ্যে থাকতে হবে। রোগীর ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত তথ্যের গোপনীয়তাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে নতুন ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি চাকরি নয়; এটি মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি মহান দায়িত্ব। মানুষের বিপদের সময়ে একজন চিকিৎসককে আশার জায়গা হিসেবে দেখতে চান রোগী ও তার স্বজনরা। সেই আস্থা ধরে রাখতে চিকিৎসকদের জ্ঞান, সততা, ধৈর্য ও মানবিকতার সমন্বয়ে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে নতুন ইন্টার্ন চিকিৎসকেরা ‘চিকিৎসা নীতিশাস্ত্রের ঘোষণাপত্র’ পাঠ করেন। তারা মানবজাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ, রোগীর স্বাস্থ্য ও মঙ্গলকে সর্বাগ্রে বিবেচনা, রোগীর স্বায়ত্তশাসন ও মর্যাদার প্রতি সম্মান এবং রোগীর গোপনীয়তা রক্ষার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অবস অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জোবাইদা সুলতানা পিন্ডপাল, ডা. মোহাম্মদ আলী আকবর পোলান, ড্রেকার (ডেন্টাল), ওজিএইচএস ও ড্যাব গাজীপুরের কনভেনর, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেকার ডা. মো. আমিনুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর (অর্থো) ডা. মো. কামরুল ইসলাম কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ও ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. মোহাম্মদ খলিলুর রহমান। বক্তারা নতুন ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত জীবনের শুরুতে রোগীর জীবন, নিরাপত্তা, মর্যাদা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চিকিৎসা পেশার মর্যাদা ও মহৎ ঐতিহ্য সমুন্নত রেখে মানবিক ও নীতিনিষ্ঠ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন



ফেসবুকে আমরা