গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে অংশ নেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক পিরুজালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আজহারুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আক্তারুজ্জামান, বর্তমান মেম্বার মোঃ সোহেল, আনোয়ার ডাক্তারসহ স্থানীয় সচেতন নাগরিকরা। অভিযান চলাকালে এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় ডি এম আজহারুল ইসলাম বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি একটি প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। তাই মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না, সমাজের প্রতিটি সচেতন মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমাদের সন্তানরা যাতে মাদকের ভয়াবহ ছোবলে না পড়ে, সেজন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি এলাকায় মাদকসংক্রান্ত কোনো কর্মকাণ্ড চোখে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা বলেন, মাদক প্রতিরোধে নিয়মিতভাবে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালানো প্রয়োজন। বিশেষ করে কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। সচেতন নাগরিকরা বলেন, মাদকমুক্ত পিরুজালী গড়তে হলে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের এলাকার তরুণ সমাজকে রক্ষা করতে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত নজরদারি ও সামাজিক সচেতনতা বাড়ানো গেলে পিরুজালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে