(বুধবার ১২ নভেম্বর ২০২৫) রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থীদের প্রবেশ প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করতে চালু হলো আধুনিক ই-টিকেটিং প্ল্যাটফর্ম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ আজ সকালে এক আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির শুভ উদ্বোধন করেন। বন অধিদপ্তর ও এটুআই (a2i)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই ডিজিটাল সেবা দেশের উদ্যান ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন থেকে দর্শনার্থীরা myGov ডিজিটাল প্ল্যাটফর্ম, www.nbg.portal.gov.bd বা বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিউআর কোডযুক্ত ই-টিকিট সংগ্রহ করতে পারবেন। দর্শনার্থীরা স্মার্টফোনে প্রদর্শন বা প্রিন্ট আউট আকারে টিকিট ব্যবহার করে নির্ধারিত তারিখে উদ্যানে প্রবেশ করতে পারবেন। নতুন এই ব্যবস্থার ফলে টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর ঝামেলা দূর হবে, সময় সাশ্রয় হবে এবং টিকিট বিক্রয় প্রক্রিয়ায় আসবে পূর্ণ স্বচ্ছতা। পাশাপাশি কাগজের ব্যবহার কমে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ফারহিনা আহমেদ বলেন, এই ই-টিকেটিং প্ল্যাটফর্ম শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি ও আধুনিক ব্যবস্থাপনার এক নতুন অধ্যায়ের সূচনা। তিনি দেশের অন্যান্য পরিবেশগত গুরুত্বপূর্ণ স্থানেও অনুরূপ ই-টিকেটিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন যে এ উদ্যোগ নগরবাসীর প্রকৃতির সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ আব্দুর রফিক, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামিমা বেগম, এবং সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। এছাড়া বন অধিদপ্তর, এটুআই, আইসিটি বিভাগ, জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাতীয় উদ্ভিদ উদ্যান দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ই-টিকেটিং ব্যবস্থা দর্শনার্থী সেবাকে আধুনিক ও সহজতর করার পাশাপাশি সরকারি সেবার ডিজিটাল রূপান্তরে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠবে।