গাজীপুর । সৌন্দর্যে ভরপুর একটি জনপদ। এই জেলার আনাচে-কানাচে রয়েছে চোখ জুড়ানো প্রকৃতি। রয়েছে ফুলের বাগান। ফসলের ক্ষেত। শ্রীপুরে মুজিবুর রহমানের টিউলিপ বাগানটি মনে করিয়ে
দেয় সেটি যেন এক টুকরো নেদারল্যান্ড। শহরের প্রবেশপথে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করলেই প্রথমে মনে হবে এটা যেন থাইল্যান্ডের কোন এক ছোট্ট শহর। গাজীপুর সদর ,টঙ্গী, কালিয়াকৈরের নানান এলাকা শিল্পে ভরপুর হলেও গ্রাম জনপদ এর দৃশ্য নয়নাভিরাম। প্রতিটি গ্রাম যেন ছবির মত। গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক পথে যেতেই রাজেন্দ্রপুর চৌরাস্তায় মিলবে রক্ত কাঞ্চন ও শ্বেত কাঞ্চনের সমারোহ। মহাসড়কের ডিভাইডার এ সৃজিত ওই ফুলের দৃশ্য দেখলে সবার চোখ জুড়িয়ে যাবে। সদর উপজেলার প্রকৃতি ঘেরা ইউনিয়ন পিরুজালী এলাকার উত্তর প্রান্তে মনকাড়া অবারিত ফসলের ক্ষেত। ফসলের ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে সুশোভিত জয়না গাছ। শত শত ভ্রমণ পিপাসু বিকেলে জয়নাগাছ তলে এসে কাটায় পুরো বিকেল। দৃশ্যগুলো প্রকৃতির এক অসীম দান। নান্দনিক এর দৃশ্য রোদন ভরা বসন্তকে মনে করিয়ে দেয় গাজীপুরে প্রতিষ্ঠিত প্রায় সকল রিসোর্ট এর ভেতর সৌন্দর্য বর্ধনের জন্য সৃজন করা হয়েছে নানান ফুলের বাগান। স্থানীয় পিরুজালী গ্রামের শওকত হোসেন জানালেন, শহরের কোলাহল ছেড়ে যে কেউ ভ্রমণের জন্য আসতে পারেন গাজীপুরের গ্রাম জনপদে। লিচু ও আম্র মুকুলের ঘ্রাণ ছড়াচ্ছে প্রকৃতিময়। এমন দৃশ্য ও বসন্তের মধুর পরিবেশ সকলের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে।