কক্সবাজারে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে অভিযান জোরদার করেছে বন বিভাগ। সোমবার (৯ মার্চ) সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে পরিচালিত এক যৌথ অভিযানে ইনানী রেঞ্জের সোয়ানখালি বিটের রুপপতি এলাকায় নির্মাণাধীন একটি পাকা বাড়ি উচ্ছেদ করা হয়েছে। বন বিভাগের সূত্রে জানা যায়, রাজারকুল রেঞ্জ, ধোয়াপালং রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ, উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বনভূমি দখল করে নির্মাণাধীন একটি পাকা স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং দখলমুক্ত করা হয় সংশ্লিষ্ট বনভূমি। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় কথিত ভূমিদস্যু আজিজের তত্ত্বাবধানে বন বিভাগের জমি দখল করে ওই স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। বন বিভাগের কর্মকর্তারা জানান, এ ঘটনায় ভূমিদস্যু আজিজের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বনজ সম্পদ রক্ষায় কোনো ধরনের অবৈধ দখলদারদের ছাড় দেওয়া হবে না