গাজীপুরের মনিপুর এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে নির্মিত একটি অবৈধ ভবন উচ্ছেদ করে জমি দখলমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ঢাকা বন বিভাগের অধীনস্থ রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিট এলাকার কাতলামারা গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, কাতলামারা মৌজার সংরক্ষিত বনভূমির দাগ নম্বর ১২১৪ এবং জোতভূমির দাগ নম্বর ১১৯৫ এর জমি অবৈধভাবে দখল করে শহীদ ফাউন্ডেশন নামে একটি ভবন নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ওই ভবনটি বন বিভাগের অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছিল।বিষয়টি জানতে পেরে রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ জুয়েল রানা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপের মাধ্যমে নিশ্চিত হন যে ভবনটি সংরক্ষিত বনভূমির কিছু অংশর ওপর অবৈধভাবে নির্মিত হয়েছে। পরে বন আইনের বিধান অনুযায়ী অভিযান পরিচালনা করে ভবনটি উচ্ছেদ করা হয় এবং দখলকৃত জমি উদ্ধার করে বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়। মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানায়, বাংলাদেশ বন আইন অনুযায়ী সংরক্ষিত বনভূমি দখল, স্থাপনা নির্মাণ বা যেকোনো ধরনের ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। বনভূমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা জানান, বনভূমি দখলমুক্ত রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বনভূমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে