ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর আইচা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অপরাধে বেশ কয়েকটি কয়লা তৈরির চুল্লি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের এ অভিযান স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মোবাইল কোর্ট পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এমাদুল হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ ধ্বংসকারী অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।