গাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু খাদিজার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নিপীড়িত নারী ও শিশু আইনী ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল, গাজীপুর মহানগরের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম। শনিবার (২৯ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু খাদিজাকে দেখতে যান তিনি। এ সময় শিশুটির শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি ও পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন। পরে ডা. মাজহারুল আলম তারেক রহমানের পক্ষ থেকে ভুক্তভোগী শিশুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, “নিপীড়িত নারী ও শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিপীড়িত নারী ও শিশু আইনী ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল কাজ করে যাচ্ছে। শিশু খাদিজার চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শিশু খাদিজার মতো নির্যাতনের শিকার অসহায় শিশুদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ডা. মাজহারুল আলম বলেন, ভুক্তভোগী পরিবার যেন চিকিৎসা ও আইনি সহায়তা পেতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। খাদিজার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তার পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ড্যাবের সদস্য সচিব ডা. খলিলুর রহমান, ড্যাব নেতা সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, ডা. খায়রুজ্জামান, আবাসিক চিকিৎসক ডা. কামরুল করিম, সমাজকল্যাণ কর্মকর্তা এবং হাসপাতালের কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা