গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পূবাইলের মাজুখান পশ্চিমপাড়া এলাকার ‘মামা-ভাগিনা ব্যাটারি হাউসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুজন মিয়া (৩৩) ও মোহাম্মদ সোহাগ (২৭)। সুজন ওই ব্যাটারি হাউসের মালিক এবং সোহাগ অটোরিকশাচালক ছিলেন। পুলিশ জানায়, অটোরিকশা চার্জে লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎ পরিবাহী একটি তার সোহাগের পায়ে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে যান গ্যারেজ মালিক সুজন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পূবাইল থানার পুলিশ জানিয়েছে, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় অটোরিকশা ও ইজিবাইক চার্জিং গ্যারেজগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা, তারের মান এবং সংযোগের যথাযথ তদারকির বিষয়টি নতুন করে সামনে এসেছে