গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে একটি জলাশয় থেকে লাগেজ ও বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হামজা অ্যাপারেলস লিমিটেডের অল্প উত্তরে একটি ব্রিজের নিচের জলাশয় থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ব্রিজের নিচের পানিতে একটি লাগেজ ভাসতে দেখে সন্দেহ হয় তাদের। পরে পুলিশকে খবর দেওয়া হলে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। লাগেজ খুলে নারীর শরীরের নিচের অংশ পাওয়া যায়।এরপর আশপাশে তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতর থেকে নারীর মাথাসহ শরীরের অন্যান্য খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, লাগেজ ও বস্তা থেকে অজ্ঞাতনামা নারীর শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। একই সঙ্গে ঘটনাটির রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ