October 29, 2026, 7:11 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

মব কালচার’ নয়, আইনের শাসন ও তৃণমূলের আস্থাই হোক রাজনীতির ভিত্তি: ওমর ফারুক পাটোয়ারী

তথ্য দৃষ্টি ডেস্ক:

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, তবে নানা কারণে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী। তিনি বলেন, উদার গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে অপরাধীরা যাতে আরও বেপরোয়া হয়ে উঠতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে দেশের মব কালচার থেকে বেরিয়ে এসে আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সম্প্রতি এক বক্তব্যে ‘হৃদয়ের অনুভূতি’ প্রকাশ করে ওমর ফারুক পাটোয়ারী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ঘটনায় মব সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা গিয়েছিল। তাঁর দাবি, কোনো কোনো ক্ষেত্রে মবকে প্রশ্রয় বা সহ্য করার ফলে অপরাধীদের মধ্যে আইনকে ভয় না পাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এর প্রভাব এখনো সমাজে রয়েছে। রাড্ডা হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, সরকারি জায়গায় দীর্ঘদিন মানুষের সেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠান কীভাবে দখলদারদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, তা অত্যন্ত উদ্বেগজনক।তাঁর অভিযোগ, জায়গাটি নিয়ে লিজ ও দখলকে কেন্দ্র করে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে এবং রাতের আঁধারে হাসপাতালের স্থাপনা ও যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে। ওমর ফারুক পাটোয়ারী বলেন, প্রায় ৫০ বছর ধরে যে প্রতিষ্ঠান মানুষের সেবা দিয়ে এসেছে, সেটিকে ধ্বংস করার সঙ্গে যারা জড়িত, তাদের কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের কারণে ছাড় দেওয়া উচিত নয়। তিনি সংশ্লিষ্ট লিজ বাতিল এবং সরকারের ভেতরে-বাইরে যারা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ একজন অভিজ্ঞ সাবেক আমলা ও সাবেক মন্ত্রী।তাঁর মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় আরও বেশি মনোযোগ প্রয়োজন। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব এক ব্যক্তির ওপর থাকলে কাজের চাপ বাড়ে উল্লেখ করে তিনি দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনার পরামর্শ দেন।তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কর্মদক্ষতা ও দায়িত্বের পরিধি পর্যালোচনা করে প্রয়োজনীয় পুনর্বিন্যাস করা হলে সরকারের কাজ আরও গতিশীল হতে পারে। এ সময় দলীয় নেতাকর্মীদের নিয়েও ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন ওমর ফারুক পাটোয়ারী। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন, তাদের অনেকেই বর্তমানে হতাশায় ভুগছেন। অন্যদিকে আন্দোলনের সময় মাঠে দেখা না গেলেও পরবর্তীতে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া ব্যক্তিদের নিয়ে মাঠের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের চোখের ভাষা বুঝতে হবে এবং কর্মীদের হৃদয় দিয়ে অনুভব করতে হবে।’ তৃণমূলের কর্মীদের সঙ্গে নেতাদের দূরত্ব তৈরি হলে তা দল ও দেশের জন্য ইতিবাচক হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে ওমর ফারুক পাটোয়ারী বলেন, সংসদে সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকারের অংশ হলেও রাজপথে এমন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যা সহিংসতা বা মব সৃষ্টির পরিবেশ তৈরি করে। কোনো ঘটনা ঘটার পর যাচাই-বাছাই ছাড়া সরকারকে দায়ী না করে প্রকৃত ঘটনা অনুসন্ধানের মাধ্যমে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। দেশের অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে কাজ করতে হবে।ওমর ফারুক পাটোয়ারী বলেন, সরকার ও বিরোধী দল—উভয় পক্ষেরই গণতান্ত্রিক দায়িত্ব রয়েছে। বিরোধী দল সরকারের ভুলত্রুটি তুলে ধরবে, আর সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তবে রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই সহিংসতা, মব সৃষ্টি কিংবা সামাজিক অস্থিরতার কারণ না হয়। দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনের শাসনভিত্তিক বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তিনি



ফেসবুকে আমরা