গাজীপুর, ১০ অক্টোবর: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাজীপুর জেলা শাখা। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক ও নার্সরা অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। এ সময় ডা. মাজহারুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ অভিযান সর্বপ্রথম শুরু করে রোগটির গুরুত্ব জাতিকে জানিয়েছেন।” তাঁর ভাষ্য অনুযায়ী, ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করলেই হবে না, রোগের বিস্তার রোধে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে পানি জমে থাকলে সেগুলো অপসারণ করতে হবে। কারণ, জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জ্বরসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে রোগটির বিস্তার ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি নিজ নিজ বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে। কর্মসূচিতে ড্যাবের গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. শাহজাহান সিরাজ, ড্যাব নেতা ডা. এনামুল হক, ডা. এবিএম সিদ্দিক, ডা. কামরুল করিম, ডা. মাহবুব হাসান রুবেল, ডা. মোস্তফা কামাল, ডা. হাসেম ও ডা. রাশেদসহ বিপুলসংখ্যক চিকিৎসক ও নার্স অংশ নেন। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়