গাজীপুরের আনাচে কানাচে লুকিয়ে আছে সৌন্দর্য। নদীর বহতা, ঘন বনবনানী, রিসোর্ট, সাফারি পার্ক ছাড়াও পথে যেতে যেতে অবলীলায় চোখে পড়বে দৃষ্টি আকর্ষণী শস্য ক্ষেতের মনোরম দৃশ্য। সদর উপজেলার মনিপুর পেরিয়ে পিরুজালী প্রবেশে চোখ মেললেই লবনদহ নদীর ধারে দেখা মিলবে কাশবন। সড়কঘাট ব্রীজে থমকে দাঁড়িয়ে নদীর উত্তর ধার দিয়ে সাজানো ওই কাশবন। ফুলে ফুলে সাদা মনকাড়া কাশবন দেখতে ভীড় করছেন অনেকেই। নদী ও কাশবনকে সামনে রেখে , স্মৃতি ধরে রাখতে প্রেমিক প্রেমিকারা ওখানে ফটোসেশনে উঠছেন মেতে। পিরুজালি নুহাশ পল্লী ঘুরে ফেরার পথে ভ্রমণ পিপাসুদের আগমন ঘটে ওই টুকরো টুকরো কাশবনে। ওখানে দেখা মিলল সারি সারি আম ও নানান গাছের সাজানো বাগান। চলার পথে পায়ে জড়িয়ে ধরবে দুর্বা ও ঘাসফুল । লবনদহ নদীর ভেসে যাওয়া কচুরিপানা, পাখির মুক্ত ছুটে চলা সবমিলিয়ে বিকেলকে করছে ভীষণ উপভোগ্য। নিঝুম সন্ধ্যায় লবনদহজলের স্নিগ্ধতা ও পশ্চিমাকাশের সোনালী আকাশ সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নেয় সহজেই। স্থানীয় লোকজন বললেন, যে কেউ রিসোর্টের হাতছানি এড়িয়ে খোলাকাশের নীচে নদী, বন, গ্রাম অবলোকন করতে পারেন পিরুজালীর এই স্থানে, ঘুরে যেতে পারেন মুক্তমনে।