গাজীপুর থেকে ঈদযাত্রায় ছুটছে ঘরমুখো মানুষ। মহাসড়কে নেই যানজট। বলা চলে ,স্বাভাবিক রয়েছে যান চলাচল। গাজীপুরের এই চিত্র মঙ্গলবার দুপুরের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় দাঁড়িয়ে গণমাধ্যম কর্মী মনজরুল হক বললেন, কাল থেকে বাড়বে ভিড়। কাল থেকে গার্মেন্টস শ্রমিকরা পুরোপুরি পাবে ছুটি। যাতায়াতে সড়ক নির্বিঘ্ন রাখতে রয়েছে শঙ্কাও। তিনি আরো বললেন, ফুটপাতে বসেছে হাজারো দোকান , মহাসড়কের স্থানে স্থানে সারি সারি বাস। গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেল, প্রায় ২৬৭০ টি গার্মেন্টস প্রতিষ্ঠানের ৯৫% ভাগ প্রতিষ্ঠানে বেতন পরিশোধিত হয়েছে। দু এক দিনের মধ্যে হতে পারে বোনাস পরিশোধ। এতে শ্রমিক অসন্তোষ না হবার সম্ভাবনা রয়েছে। দেখা গেলো, জেলার কালিয়াকৈর টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে ফুটপাতে বসেছে পণ্যের পসরা। হয়েছে মহাসড়ক দখল। দূরপাল্লার বাস থেমে থাকে দীর্ঘ সময় ধরে। এসময় টাঙ্গাইলগামী বাসযাত্রী মোবারক হোসেন জানান, এমন পরিস্থিতিতে সামনে সৃষ্টি হতে পারে যানজট। ওই মহা সড়কে পুলিশী টহল দরকার বলে তিনি জানান। পুলিশ প্রশাসনের পর্যাপ্ত সংখ্যক সদস্য মহাসড়কের স্পটে স্পটে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে ।