নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোকে নিয়ে “নোয়াখালী বিভাগ” ঘোষণার দাবিতে আজ সোমবার (৬ আগস্ট ২০২৫) বেলা ১২টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ খান বেলাল। লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি কেএম মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে বলেন,
নোয়াখালী অঞ্চল অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যের দিক থেকে স্বতন্ত্র। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবার দক্ষতা বৃদ্ধির স্বার্থে নোয়াখালী বিভাগ গঠন এখন সময়ের দাবি। সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব দেন নোয়াখালীর কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাবুদ। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক ও নোয়াখালী সমিতির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ওমর ফারুক পাটোয়ারীসহ সমিতির সকল কর্মকর্তা, বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একসঙ্গে বলেন, “নোয়াখালী বিভাগ শুধু প্রশাসনিক চাহিদা নয়, এটি বৃহত্তর নোয়াখালীবাসীর ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের প্রত্যাশা।